‘ভারতের মেঘালয়ের রাজধানী শিলং এর সিভিল হাসপাতালের প্রিজন সেলে চিকিত্সাধীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন,তার শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। তার হার্ট আর কিডনির সমস্যা রয়েছে। রাতে ঘুমোতে পারছেন না। গত দুই মাসে তার ওজন ১৫-২০ কেজি কমে গেছে। দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে হৃদরোগের চিকিত্সা নিয়েছেন সালাহ উদ্দিন । শিলং হাসপাতালে চিকিত্সার আধুনিক ব্যবস্থা নেই। স্বাভাবিকভাবেই এখানে যে চিকিত্সা চলছে তা তার জন্য পর্যাপ্ত নয়। ফলে তিনি সিঙ্গাপুরে যেতে চাচ্ছেন চিকিত্সার জন্য।’
শিলং হাসপাতালে শনিবার সালাহউদ্দিন আহমেদকে দেখে এসে তাকে উদ্ধৃত করে এসব তথ্য জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি।
এদিকে, দুই/তিন দিন ধরে সালাহউদ্দিনের সঙ্গে তার কয়েকজন আত্মীয় দেখা করার সুযোগ পেলেও শনিবার তাদের পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে। তাদেরকে বলা হয়েছে, কোন কিছু দেয়ার প্রয়োজন হলে পুলিশের কাছে দিতে। পুলিশই তা সালাহউদ্দিনের কাছে পৌঁছে দিবে।
চিকিত্সকরা সালাহউদ্দিন আহমেদের স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তাকে দেখে এসে ডা. জি. গোস্বামী বলেন, আমরা তার সর্বোচ্চ চিকিত্সা নিশ্চিত করার চেষ্টা করছি। সালাহউদ্দিনের ওজন কমে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, আগে তার ওজন কত ছিল তা আমরা জানি না। তাই এ ব্যাপারে আমরা নিশ্চিত করে কিছু বলতে পারছি না।
এই পরিস্থিতিতে তার স্ত্রী হাসিনা আহমেদ ভারতে পৌঁছনোর পরে সিদ্ধান্ত নেবেন । এখোনো ভারতের ভিসা পাননি হাসিনা আহমেদ। তিনি আশা করছেন রবিবার হয়তো ভিসা পাবেন। তিনি তার দুই আত্মীয় নিয়ে শিলং যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন।
দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন জানিয়েছেন, দলের পক্ষ থেকে,মেঘালয়ে লোক পাঠানোর চেষ্টা চলছে। সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি ব্যক্তিগত ভাবে ভারতে গেছেন। তাকে দল থেকে পাঠানো হয়নি।