অটো ট্রাফিক সিগন্যালের নিয়ন্ত্রণ পাচ্ছে পুলিশ

রাজধানীর ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে পুলিশ। কিন্তু অটো সিগন্যাল পদ্ধতি নিয়ন্ত্রণ করে ঢাকা সিটি করপোরেশন। বাতি জ্বলছে, বাতি নিভছে। কিন্তু যানজট থেকেই যাচ্ছে। ফলে যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে পড়তে হচ্ছে চরম বিব্রতকর অবস্থায়। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে দীর্ঘদিন থেকে পুলিশ ও পরিবহন সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি জানানো হচ্ছিল অটোট্রাফিক সিগন্যালের দায়িত্ব পুলিশের কাছে হস্তান্তর করার। আশার কথা হচ্ছে খুব শিগগিরই নগরীর অটোট্রাফিক সিগন্যালের নিয়ন্ত্রণ পাচ্ছে পুলিশ। এদিকে শুক্রবার থেকে রাজধানীর কাকলী (বনানী) থেকে শাহবাগ পর্যন্ত ১১টি পয়েন্টে পরীক্ষামূলকভাবে অটো সিগন্যাল বাতির কার্যক্রম শুরু করেছে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।

 
রাজধানীর যানজট নিরসনের অংশ হিসেবে বিশ্বব্যাংকের অর্থায়নে ২০০১-০২ অর্থবছরে গৃহীত ‘ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের’ আওতায় ঢাকা উত্তর সিটি করর্পোরেশন এলাকার ৩০টি এবং দক্ষিণের ৪০টি মোট ৭০ স্থানে ২৫ কোটি টাকা ব্যয়ে অটোট্রাফিক সিগন্যাল বাতি বসানো হয়। এ প্রকল্পের কাজ শেষ হয় ২০০৪ সালের শেষ দিকে। কিন্তু এর মধ্যে আটটি বিকল হয়ে পড়ে আছে। আরো ৩০টি পয়েন্টে স্থাপন করা হচ্ছে অটোট্রাফিক সিগন্যাল বাতি। ঐ বছরের ২২ নভেম্বর পরীক্ষামূলকভাবে অটো সিগন্যাল (ডিজিটাল) চালু করা হয়েছিল। ট্রাফিক পুলিশ সবুজ, হলুদ ও লাল বাতির মাধ্যমে যানবাহন নিয়ন্ত্রণের চেষ্টা করে। চালকদের মধ্যেও এ সিগন্যাল পদ্ধতি মানার অভ্যাস গড়ে উঠছিলো। কিন্তু কিছুদিন পর তা আবার শিথিল হয়ে যায়। রাজধানীর যানজট পুরনো অবস্থায় ফিরে আসে।
 
অটোট্রাফিক সিগন্যালের ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণ করে। কিন্তু অটোট্রাফিক নিয়ন্ত্রণের ভার সিটি করপোরেশনের। এর ফলে যানজট নিয়ন্ত্রণে পুলিশকে দারুণভাবে হিমশিম থেকে হচ্ছে। এ নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আশা করা হচ্ছে খুব শিগগিরই অটো সিগন্যালের দায়িত্ব পুলিশের হাতে ন্যস্ত হবে।
 
পুলিশ সদর দফতর সূত্র জানায়, অটোট্রাফিক সিগন্যালসহ ট্রাফিক ম্যানেজমেন্টের বিভিন্ন বিষয় নিয়ে আজ রবিবার পুলিশ সদর দফতরে ব্রিফিং করবেন পুলিশের আইজি একেএম শহীদুল হক। ব্রিফিংয়ে রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান, ফুটপাত দখল মুক্ত করা নিয়ে বিভিন্ন নির্দেশনা থাকবে। পাশাপাশি শিগগিরই রাজধানীসহ সারাদেশে রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করবে পুলিশ।
 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন বলেন, অটো সিগন্যাল চালুর বিষয়টি সিটি করপোরেশনের কেস প্রকল্পের অংশ। সিটি করপোরেশনের পরীক্ষণ-পর্যবেক্ষণ শেষে এই প্রোজেক্টটি ডিএমিপির কাছে হস্তান্তরের বিষয়ে একটি প্রক্রিয়া চলছে। তবে কবে নাগাদ ডিএমপির কাছে বুঝিয়ে দেয়া হবে তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে  এর জন্য ডিএমপি’র সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে তিনি জানান।