পাংশায় বাড়ি থেকে ডেকে নিয়ে কৃষককে গুলি করে হত্যা



রাজবাড়ীর পাংশায় বাড়ি থেকে ডেকে নিয়ে মন্টু খাঁ (৪৫) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে।

নিহত মন্টু খাঁ উপজেলার শরিষা ইউনিয়নের পীরআলী পাড়ার আজিজ খাঁর ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার রাত প্রায় দেড়টার দিকে কয়েকজন লোক মন্টুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে পালেরডাঙ্গি বটগাছের নিচে মন্টুর লাশ পাওয়া যায়। তার মাথা ও বুকে গুলির চিহ্ন রয়েছে।

এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ রাতেই তার লাশ উদ্ধার করে। আজ রবিবার সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ রাজবাড়ী হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পাংশা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে তিনটি গুলির খোসা পেয়েছে। তবে কে বা কারা মন্টুকে হত্যা করেছে তা জানা যায়নি।

এ ঘটনায় পাংশা থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।