গাজীপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ট্রাক চালক নিহত



গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ট্রাক চালক নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাতে ট্রাক চালক বুলবুল আহমেদ মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে ট্রাকে সিমেন্ট বোঝাই করে বগুড়ার উদ্দেশ্যে রওনা হন। রবিবার ভোর সাড়ে ৩ টার দিকে ট্রাকটি টঙ্গীর এরশাদ নগর এলাকায় ওভার ব্রিজের কাছে পৌঁছালে তিনি ট্রাক থেকে নেমে পান ক্রয় করতে মহাসড়কের পাশের দোকানে যান। পান নিয়ে ট্রাকের কাছে ফেরার পথে ৩-৪জন ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় বুলবুল তাদের বাঁধা দিলে ছিনতাইকারীরা তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত বুলবুল আহমেদ বগুড়ার আমজানি গ্রামের বাদশা মিয়ার ছেলে। পরে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারী সন্দেহে গদাই রতন নামের একজনকে আটক করেছে।