আইপিএলে এবারের আসরের শিরোপা ধরে রাখার আশা প্রায় শেষ হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্সের। শেষ রাউন্ডের ম্যাচে রাজস্থান রয়েলসের কাছে ৯ রানে হেরে গেছে সাকিব আল হাসানের দল।
মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে শনিবার টস জিতে ব্যাট করতে নেমে শেন ওয়াটসনের ঝড়ো শতকে ৬ উইকেটে ১৯৯ রান করে রাজস্থান। জবাবে ৯ উইকেটে ১৯০ রান করে কলকাতা।
এই হারের পরও চতুর্থ স্থানে আছে কলকাতা। তবে সমান ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানে যথাক্রমে থাকা সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স শেষ রাউন্ডে মুখোমুখি হবে।
অজিঙ্কা রাহানে ও শেন ওয়াটসনের মারমুখী ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় রাজস্থান। ৪১ বলে ৮০ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা। ৩৭ রান করে রাহানে রান আউট হয়ে যাওয়ার পর আর কেউ বড় ইনিংস গড়তে না পারলেও ওয়াটসন একাই দলকে রানের পাহাড়ে নিয়ে যান।
৫৯ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন ওয়াটসন। ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্সের পর চতুর্থ ব্যাটসম্যান হিসাবে এবারের আইপিএলে শতক করলেন ওয়াটসন।
৩২ রান খরচায় ৩ উইকেট নেন কলকাতার সফলতম বোলার আন্দ্রে রাসেল। বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব ৪ ওভারে ৩৬ রান দেন বিনা উইকেটে।
বড় লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারে অধিনায়ক গৌতম গম্ভীর এবং তৃতীয় ওভারেআরেক উদ্বোধনী ব্যাটসম্যান রবিন উথাপ্পাকে হারায় কলকাতা। তবে আন্দ্রে রাসেলের ব্যাটিংয়ে রানের গতি ধরে রাখে কলকাতা। ২০ বলে ৩৭ রান করেন এই ব্যাটসম্যান। রাসেলের আউটের পর ইউসুফ পাঠানের ব্যাটে জয়ের সম্ভাবনা বেঁচে ছিল কলকাতার। ৩৫ বলে ৪৪ রান করেন তিনি।
সাত নম্বরে নেমে ১১ বলে ১৩ রান করেন সাকিব। উমেশ যাদব অপরাজিত থাকেন ১১ বলে ২৪ রানের ঝড় তুলে। কিন্তু তাতেও হার এড়াতে পারেনি কলকতা।
বল হাতে রাজস্থানের জয়ে বড় ভূমিকা রাখেন ক্রিস মরিস। ২৩ রানে ৪ উইকেট নেন এই পেসার। ম্যাচ সেরা ওয়াটসন ২ উইকেট নেন।