লিবিয়ায় বাংলাদেশি শ্রমিক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। সেখান থেকে অবৈধ পথে বাংলাদেশিরা ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করে এমন অভিযোগ তুলে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। শনিবার সরকারের মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে।
বিশ্ব সম্প্রদায় স্বীকৃত সরকারের মুখপাত্র হাতেম উরাইবি বলেছেন, বাংলাদেশি শ্রমিকদের লিবিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তারা এখানকার কারখানাগুলোতে কাজ করতে এলেও পরে অবৈধ পথে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করে। অবৈধ অভিবাসন রোধের একটি পদক্ষেপ হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পূর্বাঞ্চলভিত্তিক এই সরকারের নিষেধাজ্ঞা পূর্বাঞ্চলেরই স্থল সীমান্ত, নদী, সমুদ্র ও বিমানবন্দরে বলবৎ থাকবে। এর বেশি বিস্তারিত জানাননি হাতেম উরাইবি।
মুয়াম্মার গাদ্দাফির পতনের পর ব্যাপক সহিংসতায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে নৌকায় করে ইতালিতে মানবপাচারের প্রধান কেন্দ্র হয়ে ওঠে।