ধর্ষণ মামলায় জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনকে অব্যাহতি দিয়ে পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপী। আগামী ২০ মে এই আবেদনের ওপর শুনানি হবে। রবিবার ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসলাম দিন ধার্য করেছেন।
একই সঙ্গে নারাজি আবেদনের শুনানির দিন পর্যন্ত রুবেল হোসেনকে জামিন দিয়েছে আদালত। এসময় আদালতে রুবেল ও হ্যাপী দুইজনই উপস্থিত ছিলেন।
নারাজি আবেদেন বলা হয়, মামলার তদন্ত কর্মকর্তা সাক্ষীদের সঙ্গে কথা না বলেই চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছেন। আবেদনে তদন্ত প্রতিবেদন বাতিল করে অধিকতর তদন্ত চাওয়া হয়েছে।
বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে মিরপুর থানায় গত বছরের ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে মামলা করেন হ্যাপী। এই মামলায় কারাগারে থাকার পর জামিনে মুক্ত হয়ে বিশ্বকাপে অংশ নেন রুবেল।
গত ৬ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের পরিদর্শক (ভিক্টিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক হালিমা খাতুন মুখ্য মহানগর হাকিমের আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনে বলা হয়, হ্যাপী ধর্ষণের যেসব আলামত উপস্থাপন করেছিলেন তাতে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বাদীকে পরীক্ষা করে তিন সদস্যের মেডিকেল বোর্ডও জানিয়েছেন, জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের কোনো আলামত তারা পাননি।
গত ১৩ এপ্রিল চূড়ান্ত প্রতিবেদনসহ মামলার নথিপত্র শুনানির জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন।