নতুন পরিচয় জুয়েলের

 
দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। সঙ্গীতাঙ্গন ছাড়াও মানুষটির বিচরণ রয়েছে গণমাধ্যমের অনেক ক্ষেত্রে। তবে এবার তিনি শিরোনামে এসেছেন খানিকটা অন্য ঢংয়ে। আলোকচিত্রী হাসান আবিদুর রেজা জুয়েল। শখ থেকেই ছবি তোলেন তিনি। তবে সেই শখটা এবার তার নতুন পরিচয়। এবার তিনি তার তোলা ছবির চিত্রপ্রদর্শনী করছেন। গুলশানের বেজ গ্যালারিতে গতকাল থেকে শুরু হয়েছে তার একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনীটি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। প্রদর্শনী প্রসঙ্গে জুয়েল বলেন, ‘ফটোগ্রাফি আমার শখ। শখ থেকেই বেশ কয়েক বছর ছবি তুলি। দেশের বাইরে যখন গান করতে বা ঘুরতে যাওয়া হয় তখন অনেক ছবি তুলি। ছবিগুলো এক একটি গল্প আছে। কিছুদিন ধরে একটি প্রদর্শনীর পরিকল্পনা করছিলাম। সেখান থেকেই এই আয়োজনের পরিকল্পনা। যেহেতু আমি পেশাদার ফটোগ্রাফার নই, তাই আশেপাশের বিষয়গুলোই যা আমার ভালো লাগে সেগুলোই আমার ছবির বিষয়।’
 
সম্প্রতি একটি ওয়েবসাইট চালু করেছেন জুয়েল। যেখানে তার ভক্তরা তার সব কাজ একসাথে পাবেন। ওয়েবসাইট চালু উপলক্ষে তিনি ভক্তদের জন্য একটি নতুন গান ও একটি ভিডিও আপলোড করবেন। এ প্রসঙ্গে জুয়েল বলেন, ‘এখন ভক্তরা চায় সবকিছু একটু সহজে পেতে ও জানতে। দেশের বাইরে এই সিস্টেমটা অনেক আগে থেকেই রয়েছে। পছন্দের শিল্পীর সবকিছু তারা ওয়েবসাইট থেকেই পেয়ে যাচ্ছে। আমাদের দেশেও এর প্রভাব খুব ইতিবাচকভাবেই পড়েছে। অনেকেই এখন এই মাধ্যমটি ব্যবহার করছেন। এছাড়া অনেকেই আমাকে এই বিষয়টি নিয়ে উত্সাহ দিয়েছেন। তাই আমার ভক্তরা যেন আমার গান, ভিডিও ও অন্যান্য কাজ একসাথে পায় তাই ওয়েবসাইটটি খোলা। তরুণরা এখন ইন্টারেটে বেশ অভ্যস্ত। তাই সবকিছুই ডিজিটালে রূপান্তর হচ্ছে। এতে ভক্তদের কাছাকাছি এবং তাদের প্রতিক্রিয়া সরাসারি জানা যায়।