ঢাবি ছাত্রকে থানায় নির্যাতনের মামলায় সাবেক ওসির কারাদণ্ড



ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাদেরকে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় খিলগাঁও থানার সাবেক ওসি হেলাল উদ্দিনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির এ রায় ঘোষণা করেন। আদালতে আসামি সাবেক ওসি হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

প্রাণরসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের তৎকালীন ছাত্র আব্দুল কাদেরকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের মামলায় তার এ কারাদণ্ড হলো।

উল্লেখ্য, ২০১১ সালের ১৬ জুলাই খালার বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের হলে যাবার পথে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সামনে সাদা পোশাকধারী পুলিশ কাদেরকে মারধর করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র- পরিচয় দিলে নির্যতনের মাত্রা বাড়িয়ে  তাকে থানায় নিয়ে যায় পুলিশ।  একপর্যায়ে ‘দেখি তো চাপাতিতে ধার আছে কি না’ বলে ওসি কাদেরের বাঁ পায়ের হাঁটুর নিচের পেছনভাগের মাংসপেশিতে কোপ দিয়ে মারাত্মকভাবে জখম করে। পরবর্তী সময়ে ওসি হেলাল তাকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখান।

তিন মামলায় নির্দোষ প্রমাণিত হলে কাদেরকে অব্যাহতি দেয় আদালত। পরে হাইকোর্ট ওসি হেলালের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেয়।

হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে ও আইন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে আবদুল কাদের ২০১২ সালের ২৩ জানুয়ারি ওসি হেলাল উদ্দিনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

একই বছরের ২৬ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার উপ-পরিদর্শক মো. আবু সাঈদ আকন্দ আসামি হেলালকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১২ সালের ১ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই আদালত।

বর্তমানে আবদুল কাদের বিসিএস (শিক্ষা) ক্যাডারে  কমর্রত আছেন।