মানবিক কারণে হলেও সিনিয়র নেতাদের মুক্তি দিন: বিএনপি

 
দৃশ্যমান আইনি প্রক্রিয়া অনুসরণ করে ন্যায় বিচার নিশ্চিত করতে কারাগারে আটক বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সুচিকিত্সার স্বার্থে অবলিম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে বিএনপি।
 
রবিবার বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ও মুখপাত্র আসাদুজ্জামান রিপন এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন।
 
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে কারাগারে আটক বিএনপি নেতাদের মুক্তির দাবিতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।
 
রিপন বলেন,  দেশে এখন কোন আন্দোলন নেই, হরতাল নেই, অবরোধ নেই। সরকারের ওপরও রাজনৈতিক ও মানসিক চাপ নেই। সেক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি না করা সরকার কিংবা কারও জন্যই ভালো হবে না।
 
আসাদুজ্জামান বলেন, কারগারে আটক বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অবস্থা সংকটাপন্ন। আশাকরি সরকার মানবিক দিক বিবেচনা করে হলেও সুচিকিত্সার স্বার্থে তাদের মুক্তি দিবেন। কারণ জামিন দিলে তারা পালিয়ে যাওয়ার লোক নয়। তারা দেশেই থাকবেন। আইনি প্রক্রিয়া মেনেই রাজনীতি করবেন।
 
তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন নয়। বিচার ব্যবস্থাকে স্বাধীন করে দিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা চাই ন্যায় বিচার, আইনের শাসন, জবাবদিহীতা থাকবে এইরকম স্বাধীন বাংলাদেশ।