ক্লাবের সাবেক এবং গণমাধ্যমের কাছ থেকে ব্যাপক সমালোচনা সত্ত্বেও কোচ হিসেবে পেপ গার্দিওয়ালাকে রাখতে চায় বায়ার্ন মিউনিখ। দলের সাম্প্রতিক পারফরম্যান্সে জার্মান গণমাধ্যমে কোচের দারুন সমালোচনা সত্ত্বেও এ স্প্যানিয়ার্ডকে ২০১৬ সালের জুন মাসের পরও রাখার ইচ্ছে প্রকাশ করেছেন বায়ার্ন চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমিনিগে।
এর আগে গার্দিওলার প্রতি নিজের শ্রদ্ধা আর আস্থার কথা জানিয়েছিলেন ক্লাব কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারও।
দুই মৌসুমে বায়ার্নকে পাঁচটি শিরোপা পাইয়ে দেয়া গার্দিওয়ালার সঙ্গে ক্লাবের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মৌসুম শেষে।
চলতি মৌসুমে টানা তৃতীয়বার বুন্দেসলিগার শিরোপা জয় করেছে বায়ার্ন। তবে জার্মান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকেই তারা ছিটকে পড়ে।
রুমিনিগে বলেন, গণমাধ্যমে গার্দিওয়ালা বিরোধী একটি মনোভাব লক্ষ্য করেছেন। ক্লাবের হয়ে গত দুই মৌসুম সফল হলেও চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে পৌঁছতে ব্যর্থ হওয়ায় কিছু সাংবাদিক তার সমালোচনায় মুখর হয়ে উঠেছেন।
মিউনিখ কেন্দ্রিক সুয়েডিটাস জেইটাং পত্রিকাকে রুমিনিগে বলেন, ‘আমার নজরে খুব পরিষ্কারভাবে এসেছে যে টুর্নামেন্ট চলাকালে কিছু গনমাধ্যম গার্দিওলা বিরোধী প্রচারণা চালিয়েছে। তবে তাতে ক্লাবের কিছু যায় আসেনা কিংবা ক্লাবের পরিবেশে কোন প্রভাব পড়েনি। এই (গার্দিওয়ালা) ব্যক্তিকে নিয়ে আমরা খুশি! আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সঙ্গে আমি নিয়মিত আলাপ-আলোচনা করছি এবং প্রথম দিন থেকেই তারা আমার সঙ্গে একমত। তার কাজে আমরা পুরোপুরি সন্তুষ্ট। দল তাকে নিয়ে সন্তুষ্ট।’
তবে এর আগে বার্সেলোনার হয়ে চার বছরে ১৪টি শিরোপা জয়ী এক জন কোচকে রাখতে বায়ার্নেও কঠোর পরিশ্রম করা দরকার বলে স্বীকার করেন রুমিনিগে।
তিনি বলেন, ‘কোন দুর্ঘটনাক্রমে গার্দিওয়ালা বিশ্বের সেরা কোচদের একজন নন। তিনি যদি নতুন কোথাও যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন তবে অন্তত শীর্ষ ১৫টি ক্লাব তাকে নেয়ার জন্য এক পা এগিয়ে আসবে।
ভুলে যাবেন না এখানে গত দুই বছরে তিনি পাঁচটি শিরোপা জিতেছেন।
যা ক্লাবের একটি রেকর্ড বলে আমি বিশ্বাস করি। চলতি বছর দ্বিতীয়ার্ধে তার ভবিষ্যতের বিষয়ে আমরা কথা বলব, কিভাবে কি করা যায়। তিনি আমার অভিমত জানেন: আমি চাই তিনি থাকুন।’ বাসস