চলতি ২০১৫ সালের প্রথম ত্রৈমাসিকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতে ২৬ হাজার ১৪১ কোটি টাকার ঋণ বিতরণ হয়েছে। এ ঋণ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য পুরো বছরের নির্ধারিত লক্ষ্যমাত্রার ২৫ শতাংশ। আগের বছরের একই সময়ে ২১ হাজার ৯০৬ কোটি টাকার ঋণ বিতরণ হয়েছিল যা ছিল মোট লক্ষ্যমাত্রার ২৪ দশমিক ৬০ শতাংশ।
চলতি বছর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এসএমই খাতে মোট এক লাখ চার হাজার ৫৮৬ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা দিয়েছে। আগের বছর লক্ষ্যমাত্রা ছিল ৮৯ হাজার ৩১ কোটি টাকা। বছর শেষে এক লাখ ৯১০ কোটি টাকা বিতরণ করা সম্ভব হয়েছিল যা লক্ষ্যমাত্রার চেয়ে ১১ হাজার ৮৭৯ কোটি টাকা বা ১৩ দশমিক ৩৪ শতাংশ বেশি।
প্রতিবেদনে দেখা যাচ্ছে, মার্চ পর্যন্ত বিতরণ হওয়া এসএমই ঋণের মধ্যে ব্যবসা খাতে দেয়া হয়েছে ১৬ হাজার ৪৭২ কোটি টাকা যা মোট এসএমই ঋণের ৬৩ দশমিক ২০ শতাংশ। আগের বছর এ খাতে ১৩ হাজার ৯৪৬ কোটি টাকা বিতরণ হয়েছিল যা মোট ঋণের ৬৬ দশমিক ৬৬ শতাংশ।
এবারে শিল্প খাতে বিতরণ হয়েছে ৬ হাজার ৭৩৮ কোটি টাকা যা ১১ দশমিক শূন্য ৩ শতাংশ। আগের বছর এ খাতে ৬ হাজার ৩৫৭ কোটি টাকা যা ছিল ২৯ শতাংশ। এছাড়া সেবা খাতে বিতরণ হয়েছে তিন হাজার ১৫২ কোটি টাকা যা ১১ দশমিক শূন্য ৩ শতাংশ। আগের বছর এ খাতে এক হাজার ৬০২ কোটি টাকা বিতরণ হয়েছিল যা ছিল ৭ দশমিক ৩১ শতাংশ।