বিশ্বকাপ এবং পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের ধারা বজার রাখতে পারলে ভারতের বিপক্ষে আসন্ন সিরিজেও ভাল ফল পাওয়া সম্ভব বলে মনে করেন সৌম্য সরকার। যদিও ভারতকে শক্ত প্রতিদ্বন্দ্বী বলে স্বীকার করে নিয়েছেন জাতীয় দলের এই উদ্বোধনী ব্যাটসম্যান।
১০জুন একমাত্র টেস্ট দিয়ে ভারতের বিপক্ষে হোম সিরিজ শুরু হবে। টেস্ট ম্যাচ শেষ হলে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এশিয়ার এই ক্রিকেট পরাশক্তি দলের বিপক্ষে ওয়ানডে সিরিজটা বাংলাদেশের পক্ষে জেতা সম্ভব কি? এমন প্রশ্নের জবাবে সৌম্য বলেন, ‘আত্নবিশ্বাসতো অবশ্যই শতভাগ থাকবে। সবাই জেতার জন্যই মাঠে নামবে। সিরিজ জিততে পারবো কিনা সেটা নিয়ে আমাদের চিন্তা না। আমাদের টার্গেট ম্যাচ বাই ম্যাচ ভালো খেলা। আমরা জেতার জন্যই মাঠে নামবো। খেলা শেষে দেখা যাবে রেজাল্ট কি হয়।’
সিরিজের ভাগ্য যেমনই হোক ফতুল্লায় কঠিন প্রতিদ্বন্দ্বিতাই দেখা যাবে জানিয়ে তিনি আরো বলেন, ‘সিরিজটা অনেক ভালো হবে। ওরা অনেক ভালো ক্রিকেট খেলে, বিশেষ করে আমাদের বিপক্ষে। আমাদের দলের সবাই সর্বশেষ ছয়মাস যেভাবে পারফর্ম করছে, যদি সেভাবে পারি তাহলে সিরিজটা অনেক ভালো হবে। হারি জিতি যাই হোক না কেন দুইটা দলের জন্যই কষ্ট (সিরিজ জিততে)। আমার কাছে মনে হয় খেলাটা অনেক প্রতিদ্বন্দ্বিতা হবে।’
বাংলাদেশ সফরে ভারতীয় দলের সিনিয়র কয়েকজন ক্রিকেটার আসছে না, ‘এটা নিয়ে আপনাদের ভাবনা কি?’ ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদকে অবশ্য বড় কিছু ভাবতে চাইলেন না আক্রমণাত্মক এই ব্যাটসম্যান। বললেন, ‘ না এটা নিয়ে ভাবিনি। বিরাট কোহলি আসলো না, কে আসলো, সেটা নিয়ে ভাবার কিছু নেই। ভারতীয় যে দলই আসুক না কেন! আমাদেরকে তাদের বিপক্ষেই খেলতে হবে। তাদের সাথে খেলেই আমাদের জিততে হবে। আমরা যদি আমাদের শতভাগ দিতে পারি, তাহলে রেজাল্ট আমাদের পক্ষে আসবে।’
টেস্ট ম্যাচ নিয়ে প্রস্তুতি কেমন জানতে চাইলে বললেন, ‘একটু তো মানিয়ে নেয়ার সময় দিতে হবে। আমি টেস্টে দুইটা ম্যাচ খেলেছি মাত্র, আমি সাধারণত যেভাবে খেলি, টেস্টে কিছুটা হলেও আমার পরিবর্তন আনতে হবে। তো আমি সেটা নিয়ে চিন্তা করছি, প্রাকটিসের এখনও সেভাবে সুযোগ পাইনি। যে কয়দিন অনুশীলন আছে, চেষ্টা করবো ভালো ভাবে প্রস্তুতি নেয়ার। সিনিয়রদের কাছ থেকেও এ বিষয়ে পরামর্শ নিয়ে চেষ্টা করবো টেস্টে আরো ভালো করার।’
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন ভারত সিরিজে সেঞ্চুরি করার কোন পরিকল্পনা আছে কি? 'এই সিরিজেরও আমাদের একটা পরিকল্পনা আছে। আমি এখনই কিছু বলতে চাইনা'। এক প্রশ্নের জবাবে সৌম্য বলেন,'আসল দলের প্রয়োজনে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি। সেটা ব্যাটিং হোক আর বোলিং হোক। আমি চাই দলের হয়ে অবদান রাখতে।'