গাইবান্ধার সাদুল্লাপুরে যাত্রীবাহী একটি বাসের সাথে একটি ট্রাকের সংর্ঘষে শিশুসহ দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ১২ দিকে উপজেলার ধাপেরহাটের বত্রিশমাইল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি। আহতদের রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-সহকারী পরির্দশক (এএসআই) রেজাউল করিম জানান, কুড়িগ্রামের উলিপুর থেকে ঢাকাগামী রোমার পরিবহনের যাত্রীবাহী একটি বাস ওই এলাকায় সড়কের পাশে বিকল হয়ে পড়ে থাকা একটি পাথর বোঝাই ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশুসহ দুইজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্র নিয়ে গেছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। বাস ও ট্রাক পুলিশ আটক করেছে।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. জিয়া ইসলাম জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশস্কাজনক।