হ্যাটট্রিক করেও হতাশা রোনালদোর

 
আরো একটি লা লিগা হ্যাটট্রিকের পর ভালো একটি রাত কাটানোর কথা ছিল রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোর। কিন্তু সেটা তো হলোই না; উল্টো মেসির এক গোলই তার রাতের ঘুম হারাম করে দিয়েছে। কারণ একই সময়ে চলা খেলায় আতলেতিকো হারিয়ে লা লিগা শিরোপা নিশ্চিত করেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।
 
ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকের সুবাদে রবিবার এসপানিওলকে ৪-১ ব্যবধানে হারিয়েছে আনচেলত্তির দলকে। এসপানিওলের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ৫৯তম মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। পাল্টা আক্রমণে করিম বেনজেমার বাড়ানো বল ধরে ডি বক্সে ঢুকে বাঁ দিক থেকে গোলটি করেন এবারের ফিফা ব্যালন ডি’ অর জয়ী। এগিয়ে যাওয়ার স্বস্তিতে অবশ্য বেশিক্ষণ থাকতে পারেনি রিয়াল।
 
৭৩তম মিনিটে তাদেরকে চমকে দিয়ে গোল করে বসেন উরুগুয়ের স্ট্রাইকার রিকার্দো স্তুয়ানি। ৭৯তম মিনিটে আবারো এগিয়ে যায় রিয়াল। রোনালদোর সঙ্গে বল দেয়া নেয়া করে পোস্টের উপরের কোনা দিয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলো। ৪ মিনিট বাদে ব্যবধান ৩-১ করে জয়টা প্রায় নিশ্চিত করে ফেলেন রোনালদো। হাভিয়ের এরনান্দেসের সাহায্যে নিজের দ্বিতীয় গোলটি করেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। যোগ করা সময়ে হামেস রদ্রিগেসের সাহায্যে হ্যাটট্রিকও পূরণ করেন রোনালদো, কিন্তু তাতেও আসলে তাদের কাজের কাজ কিছুই হয়নি।
 

এই জয়ের পর এক রাউন্ড বাকি থাকতে চ্যাম্পিয়ন হয়ে যাওয়া বার্সেলোনার পয়েন্ট ৯৩; রিয়ালের পয়েন্ট ৮৯।