খাগড়াছড়ির মহালছড়িতে টয়লেটে পড়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে গিয়ে গ্যাসের ক্রিয়ায় তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। রবিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার মনারটেক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দৈনিক ভোরের কাগজের স্থানীয় প্রতিনিধি প্রদীপ শশী চাকমা (৪২) এবং তার দুই ভাই সেভেন্টু চাকমা (৩৫) ও উবেন্টু চাকমা (৩২)। নিহতরা ঐ গ্রামের সাধন মোহন চাকমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে উবেন্টু চাকমা টয়লেটে গেলে সাথে থাকা মোবাইলটি সেখানে পড়ে যায়। সেটি উদ্ধার করতে গিয়ে গ্যাসের ক্রিয়ায় তিনি আক্রান্ত হন। পরে তার মেজো ভাই সেভেন্টু চাকমা তাকে উদ্ধারের জন্য সেখানে গেলে তিনিও আক্রান্ত হন। খবর পেয়ে বড় ভাই প্রদীপ শশী চাকমা ঘটনাস্থলে গিয়ে দুই ভাইকে উদ্ধার করতে ট্যাঙ্কের ভিতরে গিয়ে একইভাবে আক্রান্ত হন। পরে প্রতিবেশী রিপন খীসা ও বিপুল চাকমা তিনজনকে উদ্ধার করে মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী রিপন খীসা ও বিপুল চাকমা গ্যাসের ক্রিয়ায় আক্রান্ত হয়ে বর্তমানে মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) সেমায়ূন কবীর চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।