পাকিস্তানি হাইকমিশনারের ইত্তেফাক কার্যালয় পরিদর্শন

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম সোমবার কাওরানবাজারস্থ দৈনিক ইত্তেফাক কার্যালয় পরিদর্শন করেন। ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন এসময় উপস্থিত ছিলেন।
 
মতবিনিময়কালে হাইকমিশনার বাংলাদেশের অন্যতম প্রাচীন পত্রিকা হিসেবে ইত্তেফাকের গৌরবময় ভূমিকার প্রশংসা করেন এবং স্বাধীনতা সংগ্রামে এর অনন্য ভূমিকার কথা উল্লেখ করেন।
 
হাইকমিশনার সুজা আলম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করে বলেন, এজন্য উভয়দেশের জনগণের মধ্যে আরো নিবিঢ় সম্পর্ক গড়ে তুলতে হবে।
 
তিনি এদেশের জনগণের আস্থা অর্জনে আন্তরিকভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।
 
এছাড়া তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করে বলেন, এদেশের মানুষের অদম্য ইচ্ছাশক্তির কাছে সকল প্রতিবন্ধকতা হার মানছে। বিশেষ করে তিনি নারী শিক্ষা, জঙ্গিবাদ দমন, দারিদ্র বিমোচন, লিঙ্গ বৈষম্য দূরীকরণ ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন।
 
ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন যুক্তিযুদ্ধকালে ইত্তেফাকের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করিয়ে বলেন, ইত্তেফাক সবসময়ই সাধারণ মানুষের কথা বলে এবং দেশ মাটি মানুষের স্বার্থে ইত্তেফাক অটল অবিচল। এ প্রসঙ্গে তিনি এর প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ভূমিকার কথা উল্লেখ করেন।
 
মতবিনিময়কালে হাইকমিশনের প্রেস সেক্রেটারি আমরিন জান, ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত, বার্তা বিভাগের শিফ্ট ইনচার্জ ফরিদা ইয়াসমিন, সাব-এডিটর আশরাফুল ইসলাম, জাহেদুজ্জামান খান প্রমুখউপস্থিত ছিলেন ।