ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ সাগরে ভাসতে থাকা অভিবাসীদের সাহায্য না করতে সে দেশের জেলেদের নির্দেশ দিয়েছে। সম্প্রতি জাতিসংঘ অভিবাসীদের সাহায্যের আহ্বান জানানোর পর মানবিক দিক বিবেচনা না করে জেলেদের এই নির্দেশ দিয়েছে দেশটি। খবর- বিবিসির।
ইন্দোনেশিয়া কর্তৃপক্ষের বক্তব্য, শুধুমাত্র কোন নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলে বা লোকজন সাগরে পড়ে গেলে তাদের সাহায্য করতে জেলেদের নির্দেশনা দেয়া হয়েছে। তবে দেশটির আচেহ প্রদেশের জেলেরা এর আগে জানিয়েছিলেন, অভিবাসীদের কোন রকম সাহায্য না করতে তাদের নির্দেশ দেয়া হয়েছে। এমনকি কেউ ডুবে গেলেও সাহায্য না করতে বলা হয়েছে।
দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ফুয়াদ বাসয়্যা এর আগে বলেছিলেন, জেলেদের খাবার, জ্বালানি, পানি ও প্রয়োজনে নৌকা মেরামত করে সাহায্য করতে অনুমতি দেয়া হয়েছে। তবে কাউকে ডাঙ্গায় নিয়ে আসা আইনবিরুদ্ধ কাজ হিসেবে বিবেচনা করা হবে।
মিয়ানমার এবং বাংলাদেশ থেকে আসা অভিবাসী ভর্তি আরো নৌকা ইন্দোনেশিয়ার দিকে আসছে এমন খবর জানিয়েছেন বিবিসি। দক্ষিণ থাইল্যান্ডের জেলেরা বিবিসিকে জানিয়েছে, তারা কমপক্ষে দু'টি অভিবাসীবাহী নৌকা ইন্দোনেশিয়ার উপকুলের দিকে যেতে দেখেছেন।
সংবাদদাতারা জানাচ্ছেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড - এই তিনটি দেশের উপকুলের কাছে আন্দামান সাগরে এখনও ভাসছে হাজার হাজার লোক ভর্তি নৌযান। এই অভিবাসীদের বেশির ভাগই মিয়ানমারের রোহিঙ্গা এবং বাংলাদেশী, যারা মানব পাচারকারী চক্রের মাধ্যম নৌপথে মালয়েশিয়া পাড়ি জমাতে দেশ ছাড়েন।