জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও টেকসই উন্নয়ন একে অপরের পরিপূরক। এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য সিপিএ একটি অনন্য প্রতিষ্ঠান। সমগ্র বিশ্বে সংসদীয় গণতন্ত্রকে কার্যকর করার প্রয়াসে সংসদীয় রীতি ও পদ্ধতি নিয়ে কাজ করছে ফোরামটি।
তিনি সোমবার রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৬তম কমনওয়েলথ পার্লামেন্টারি সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শিরীন শারমিন বলেন, সংসদ গণতন্ত্রের প্রতীক। সমগ্র বিশ্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষ্যে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সিপিএভুক্ত দেশগুলোর পার্লামেন্টকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আশরাফুল মকবুল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ.স.ম. ফিরোজ ও হুইপরাসহ বিভিন্ন দেশের সংসদ সদস্যরা সেমিনারে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সিপিএ চেয়ারপারসন শিরীন শারমিন গতকাল ‘দ্য কমনওয়েলথ অ্যান্ড দ্য রোল অব সিপিএ’ শীর্ষক প্রথম সেশনে সভাপতিত্ব করেন।