রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে র্যাব অভিযান চালিয়ে দালাল চক্রের ছয়জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৭০ টি পাসপোর্ট উদ্ধার করেছে। পরে র্যাবের ভ্রাম্যমাণ আদালত গ্রেফতার ৬ জনের প্রত্যেককে ৩ মাসের কারাদন্ড দেন। গ্রেফতারকৃতরা হলেন আব্দুল মালেক(৩২), নাসির(২২), এসএম টুটুল (৩০), আওলাদ মুন্সি (৪৮), রাজু (২৭) ও রানা (২৮)।
র্যাব-২ জানায়, সংঘবদ্ধ দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পাশ্ববর্তী সোনালী ব্যাংকে টাকা জমা দেয়ার লাইনে দাড়ানো পাসপোর্ট প্রার্থীদের ফরম সত্যায়ন, ব্যাংকে ফি জমা, কাগজপত্র ঘাটতি, ভুয়া কাগজপত্র, এমনকি ২০০০-৬০০০ টাকার মাধ্যমে ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেয়ার জন্য প্রলুব্ধ ও বিরক্ত করছিল।
পাসপোর্ট প্রার্থীগণ রাজি না হওয়া পর্যন্ত দালালগণ নানাভাবে বিরক্ত করেন । অল্প সময়ে পাসপোর্ট করে দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের নিকট হতে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। গতকাল দুপুরে পাসপোর্ট অফিসের র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।