মুজাহিদের আপিল শুনানি ২৪ মে পর্যন্ত মুলতুবি

 
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের আপিল শুনানি ২৪ মে পর্যন্ত মুলতুবি করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
 
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ সোমবার আপিলের ওপর ষষ্ঠ দিনের শুনানি গ্রহণ করেন।
 
মুজাহিদের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এসএম শাহজাহান। তাকে সহায়তা করেন শিশির মুহাম্মদ মুনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
 
শুনানিতে রায়ের অংশ পাঠ শেষ করেছেন এসএম শাহজাহান। তিনি মামলার তদন্ত কর্মকতাসহ প্রসিকিউশনের সকল সাক্ষীর জবানবন্দি পাঠ শেষ করেছেন।
 
অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির বলেন, আদালত আমাদেরকে যুক্তি খণ্ডন শুরু করার জন্য বলেছেন।
 
আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা আংশিক যুক্তিতর্ক (আর্গুমেন্ট) শুরু করেছি। আমাদের প্রস্তুতি না থাকয় আদালতের কাছে সময় চেয়েছিলাম। আদালত ২৪ মে দিন ধার্য করে দিয়েছেন। ওই দিন থেকে আমরা যুক্তিতর্ক উপস্থাপন করব।
 
ফাঁসির রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ২০১৩ সালের ১১ আগস্ট সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করেন মুজাহিদ। মানবতাবিরোধী অপরাধের দায়ে একই বছরের ১৭ জুলাই মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশের রায় দেয় ট্রাইব্যুনাল-২।