ইয়েমেনে পাঁচ দিনের মানবিক যুদ্ধবিরতি শেষে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী হুতি বিদ্রোহীদের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। সৌদি সামরিক কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন। এডেন প্রদেশের আল-সাওলাবান ও আল-আইরিশ এলাকায় বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে জোট বাহিনীর বিমানগুলো হামলা চালায়।
হুতি সমর্থিত টেলিভিশন চ্যানেল আল মাসিরাহর প্রতিবেদনে জানা যায়, ইয়েমেন-সৌদি সীমান্তের কাছে আল ডালিহ'র আল মানজালা জেলায় সৌদি বাহিনী গোলা বর্ষণ করে।
নতুন করে হামলা শুরু করার প্রেক্ষিতে দেশটিতে জাতিসংঘ দূত বলেছেন, 'আমি উভয় পক্ষকেই ৫ দিনের বেশি যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছি। আমি মনে করি, এই মানবিক যুদ্ধবিরতি স্থায়ী যুদ্ধবিরতির রূপ পরিগ্রহ করবে।'
দেশটিতে গত ৫০ দিনের লড়াইয়ে ৫১৭ জন বেসামরিক ও হাদিপন্থী যোদ্ধা নিহত হয়েছে। এর মধ্যে ৭৬ জন নারী ও শিশু রয়েছে। এছাড়া জাতিসংঘের এ প্রতিনিধি সৌদি চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আব্দুলরাহমান বিন সালেহ আল- বানিয়ানের সাথে সাক্ষাত করেন। এসময় তারা ‘মানবিক সহায়তা’র বিষয়ে আলোচনা করেন।
এদিকে সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বলেছেন, দেশটিতে যুদ্ধবিরতির বিষয়টিকে সব সময় সমর্থন দিয়ে গেছে যুক্তরাষ্ট্র। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে এ ধরনের যুদ্ধবিরতি কার্যকর করা অনেক কঠিন একটি বিষয়। সূত্র: আল জাজিরা