কুমিল্লায় কিশোরদের বুদ্ধিতে রক্ষা পেল পাহাড়িকা এক্সপ্রেস

কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন। রেল লাইনের একটি জয়েন্টে ফিশপ্লেট না থাকায় স্থানীয় কয়েকজন কিশোরের বুদ্ধিমত্তায় ট্রেনটি থামানোর কারণে দুর্ঘটনা থেকে তা রক্ষা পেয়েছে। সোমবার বিকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার আদর্শ সদর উপজেলার বানাসুয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

 
সোমবার বিকাল ৪টা ২০ মিনিটে প্রায় এক হাজার যাত্রী নিয়ে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লার আদর্শ সদর উপজেলার বানাসুয়া এলাকায় পৌঁছুলে লাল গেঞ্জি উঁচিয়ে কয়েকজন কিশোর ট্রেনটি থামানোর সংকেত দেয়। এতে ট্রেনের চালক ওই স্থানে ট্রেনটি থামিয়ে দেন। পরে ট্রেনের নিরাপত্তা কর্মীসহ অন্যান্যরা ঘটনাস্থলে গিয়ে দেখেন– রেল লাইনের জয়েন্টের ২টি ফিশ প্লেট না থাকায় রেল লাইনটি বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কুমিল্লা রেলওয়ে প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র রেল লাইনের ফিশ প্লেট খুলে নিয়ে বিক্রি করে দিচ্ছে।