পরিচ্ছন্নতাকর্মী গোপালকে চাকরিচ্যুত ও উপাধক্ষ্যকে অব্যাহতির সিদ্ধান্ত

রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ পরিচ্ছন্নতাকর্মী গোপালকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আর অভিভাবকদের কাছে বিরূপ মন্তব্যের কারণে স্কুলের ইংরেজি মাধ্যমের বালিকা শাখার উপাধ্যক্ষ জিন্নাতুন নেসাকে বর্তমান পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

 
গতকাল সোমবার বিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে স্কুলে প্রতি তিন মাসে শাখাভিত্তিক মতবিনিময় সভা করে তার প্রতিবেদন প্রতিটি শাখা প্রধান ও স্কুল ব্যবস্থাপনা কমিটির কাছে দাখিল করার সিদ্ধান্ত হয়।
 
এসব সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির ফটকে  বিজ্ঞপ্তি আকারে টানিয়ে দেয়া হয়। বিজ্ঞপ্তির একটি অংশে উল্লেখ করা হয়, ইংরেজি মাধ্যম বালিকা শাখার উপাধ্যক্ষ জিন্নাতুন নেসা দীর্ঘ ৩৬ বছর ধরে এই প্রতিষ্ঠানে নিষ্ঠা ও সম্মানের সঙ্গে কাজ করে আসছেন। তার বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ এসেছে, যা অত্যন্ত দুঃখজনক। তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে তাকে বর্তমান পদ থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে কয়েকজন অভিভাবক ও বহিরাগতের সমালোচনা করা হয়।
 
গত ৫ মে স্কুলের নির্মাণাধীন ভবনের একটি কক্ষে নিয়ে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন  হয়রানির অভিযোগ তোলেন তার অভিভাবক। গত ৯ মে তিনি অভিযোগ করেন। এরপর থেকে বিক্ষোভ সমাবেশ করেন অভিভাবকেরা। ওই ঘটনায় স্কুলের করা তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার দিন শনিবার উপাধ্যক্ষ অভিভাবকদের কাছে বিরূপ মন্তব্য করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ২৫ মে পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
 

এদিকে এ ঘটনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) করা তদন্ত কমিটির রবিবার প্রতিবেদন দেয়ার কথা থাকলেও কমিটি অধিকতর তদন্তে সময় নিয়েছে।