মানবপাচার রোধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবপাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে মানবপাচারে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন তিনি। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এসব নির্দেশ দেন। বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 
বৈঠক সূত্র জানায়, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার উপকূলে নৌকায় ভাসতে থাকা হাজার হাজার মানুষের মধ্যে বাংলাদেশি কত জন আছে, তার সঠিক হিসাব চাওয়া হয়েছে। এজন্য পররাষ্ট্রমন্ত্রী কী ধরনের পদক্ষেপ নিয়েছেন, সেটিও প্রধানমন্ত্রী জানতে চান।
 

মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার উপকূলে নৌকাগুলো কোন কোন দেশের, তার তালিকা  নৌ-পরিবহন মন্ত্রীর কাছে চাওয়া হয়। এসব জাহাজে বাংলাদেশিদের যাতে ক্ষতি না হয়, সে বিষয় নজর রাখতে পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়া মিয়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে কীভাবে বাংলাদেশের নাগরিক হিসেবে পাসপোর্ট পায়, সে বিষয়টি ক্ষতিয়ে দেখতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।