অভিনেত্রী ও উপস্থাপক জেবিন আহমেদ। চলতি সময়ে ব্যস্ত আছেন দেশ টিভির ফ্যাশন বিষয়ক একটি অনুষ্ঠান ও নাটক নিয়ে। আরটিভিতে প্রচারিত ‘অনাকাঙ্খিত সত্য’ সিরিয়ালের ৩টি গল্পে কাজ করেছেন তিনি। তবে ছোটপর্দা থেকে এবার বড়পর্দাতেই ব্যস্ত হতে চান জেবিন। সম্প্রতি বেশ কয়েকটি চলচ্চিত্রের প্রস্তাব আসছে তার কাছে। এরমধ্যে কয়েকটি গল্পও ভালো লেগেছে জেবিনের। তাই ছোটপর্দার কাজ ধীরে ধীরে কমিয়ে দিতে চাচ্ছেন তিনি। জেবিন বলেন, ‘আমার ইচ্ছে ছিল চলচ্চিত্রে কাজ করার। এতদিনে নিজেকে গুছিয়ে নিচ্ছিলাম। এখন যে ছবিগুলোর প্রস্তাব আছে সেখানে কয়েকটি গল্প ভালো লেগেছে। সবকিছু ঠিক থাকলে এ বছরেই চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করতে যাচ্ছি।’ চলচ্চিত্রে চলতি সময়ে নিজের ক্যারিয়ার ও ছবি বাছাই নিয়ে কতটুকু সচেতন থাকবেন জেবিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন ভালো-খারাপ মিলিয়েই ছবি হচ্ছে। তবে আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে এমন ছবিই আমি করবো।’