কেরাণীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২





ঢাকার কেরাণীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন। সোমবার রাতে উপজেলার রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সোহাগ (২৮) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার দক্ষিণ মেদেনিমণ্ডল গ্রামের রহিতের ছেলে। অন্যজনের নাম জানা যায়নি।

আহতদের পুলিশে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে একদল 'ডাকাত' রসুলপুর এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে এলাকাবাসী সাতজনকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন আরো পাঁচজন।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত অবস্থায় পাঁচজনকে মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।