একাত্তরের যুদ্ধাপরাধ মামলার আসামি আব্দুর রাজ্জাককে মৌলভীবাজারের বানিয়াচং থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোরে মৌলভীবাজারের আতাংগেরী পাহাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, রাজ্জাক পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, স্বাধীনতা যুদ্ধের সময় রাজ্জাক ছিলেন রাজাকার বাহিনীর সদস্য। তিনি ও তার দুই চাচাত ভাই রাজাকার বাহিনীর সদস্য হিসাবে একাত্তরে বানিয়াচং এলাকায় হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্ষণের মতো মানবতারিবোধী অপরাধ ঘটান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
গত রবিবার এ মামলায় রাজ্জাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তার দুই চাচাত ভাই মহিবুর রহমান বড় মিয়া ও মুজিবুর রহমান আঙ্গুর মিয়াকে আগেই এ মামলায় গ্রেফতার করা হয়েছে।
মহিবুর রহমান (৬৫) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার ভাই মুজিবুর রহমান (৬০) ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।