‘শিগগিরই খানজাহান বিমানবন্দরের নির্মাণ কাজ শুরু’

 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আগামী অর্থবছর থেকে বাগেরহাট খানজাহান আলী বিমান বন্দরের নির্মাণ কাজ পূর্ণাঙ্গভাবে শুরু হবে। তিন বছরে মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে। মঙ্গলবার দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লায় বিমানবন্দর এলাকা পরির্দশন শেষে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

মেনন বলেন, এই বিমানবন্দরটির নির্মাণ কাজ শেষ হলে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, হযরত খানজাহানের মাজার ও ষাটগুম্বজ মসজিদ এলাকার পর্যটন শিল্পের দ্রুত বিকাশ ঘটবে। সমুদ্র বন্দর মংলা আরও গতিশীলতার পাশাপাশি পিছিয়ে পড়া দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে এই বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

তিনি বলেন, বিমানবন্দর এলাকায় কাছে পর্যটকদের থাকার জন্য একটি পাঁচ তারকা হোটেল, মংলায় পর্যটন কর্পোরেশনের পশুর মোটেলকে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও খুলনার মুজগুন্নিতে হোটেল ব্যাবস্থাপনা ইনিস্টিটিউট নির্মাণ করা হবে।

 
বাগেরহাট জেলা জেলা প্রশাসক মো: জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, সাবেক খুলনা সিটি মেয়র ও স্থানীয় এমপি তালুকদার আব্দুল খালেক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সানাউল হক, বেবিচকের প্রধান প্রকৌশলী সুদেন্দ্র বিকাশ গোস্বামী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুল আফরোজ প্রমুখ।