ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) উদ্দেশ্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘সিটি করপোরেশন নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করে উন্নয়নের পথকে বাধাগ্রস্ত করবেন না।’
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় হানিফ এ কথা বলেন।
তিনি বলেন, ‘যারা বলছেন, সিটি নির্বাচন অবাধ হয়নি। প্রমাণ করুন কীভাবে নির্বাচন অবাধ হয়নি। নির্বাচনের ব্যয় কীভাবে বেড়েছে। এই নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন এর চেয়ে ভালো হয়েছে, দেখান।’
জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দূযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের কার্যকরি সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।