‌'খানজাহান আলী বিমানবন্দরের নির্মাণকাজ আগামী অর্থ বছরে'

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আগামী অর্থ বছরে বাগেরহাট খানজাহান আলী বিমানবন্দরের র্নিমাণ কাজ শুরু হবে। তিন বছরের মধ্যে পূর্ণাঙ্গ বিমানবন্দরে রূপ দিতে এর র্নিমাণে ব্যয় হবে প্রায় ৫৪৫ কোটি টাকা।  
মঙ্গলবার দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লায় বিমানবন্দর এলাকা পরির্দশন শেষে বিমান ও পর্যটন মন্ত্রী সুধি সমাবেশে এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, বিমানবন্দরটি নির্মাণে সরকারি তহবিল থেকে দেয়া হচ্ছে ৪৯০ কোটি টাকা ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দিচ্ছে বাকি ৫৪ কোটি টাকা। অধিগ্রহণ করা হবে আরও ১৬৩ হেক্টর জমি।
 
মন্ত্রী আরো বলেন, এ বিমানবন্দরটির নির্মাণ কাজ শেষ হলে ওয়ার্ল্ড হ্যরিটেজ সুন্দরবন, হযরত খানজাহানের মাজার ও ষাটগুম্বজ মসজিদ এলাকার পর্যটন শিল্পের দ্রুত বিকাশ ঘটবে। সমুদ্র বন্দর মংলা আরও গতিশীল হওয়ার পাশাপাশি পিছিয়ে পড়া দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে এ বিমানবন্দরটি গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে। 
 
এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, স্থানীয় এমপি তালুকদার আব্দুল খালেক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সানাউল হক সমাবেশে উপস্থিত ছিলেন।