বাগেরহাটে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

বাগেরহাটে একটি হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একজনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। 
 
মঙ্গলবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আল আসাদ মো. আসিফুজ্জামান এ রায় দেন।
 
মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া যাবজ্জীবন দণ্ডিতকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাভোগের আদেশ দেয়া হয়।
 
মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজন হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সাপরাখালী গ্রামের আফসার আলী খাঁর ছেলে লাভলু খাঁ, পশ্চিম বহরবুনিয়ার আসমত আলী হাওলাদারের ছেলে হাবিবুর রহমান হবি ওরফে হাবি ডাকাত, সাপরাখালীর তাজেল হওলাদারের ছেলে আলামিন হাওলাদার এবং সূর্যমুখী গ্রামের মজিদ হওলাদারের ছেলে বেল্লাল হোসেন।
 
যাবজ্জীবন দণ্ডিত হলেন পশ্চিম বহরবুনিয়া গ্রামের আব্দুর রব শেখের ছেলে হারুন শেখ।       
 
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবাই পলাতক রয়েছেন।