হবিগঞ্জের রাজ্জাক ‘রাজাকার’ মৌলভীবাজারে গ্রেফতার

একাত্তরের যুদ্ধাপরাধ মামলার পরোয়ানাভুক্ত আসামি হবিগঞ্জের আব্দুর রাজ্জাককে মৌলভীবাজার থেকে গ্রেফতার করা হয়েছে।
 
জানা গেছে, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের আথানগিরি পাহাড়ে অভিযান চালিয়ে রাজ্জাককে গ্রেফতার করে পুলিশ।
 
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানায়, রাজ্জাককে (৬৩) বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হবে।
 
রাজ্জাক ও তার দুই চাচাত ভাই রাজাকার বাহিনীর সদস্য হিসাবে একাত্তরে বানিয়াচং এলাকায় হত্যা, অপহরণ, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্ষণের মতো মানবতারিবোধী অপরাধে লিপ্ত ছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।  
 
গত রবিবার এ মামলায় রাজ্জাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
 
তার দুই চাচাত ভাই মহিবুর রহমান বড় মিয়া ও মুজিবুর রহমান আঙ্গুর মিয়াকে আগেই এ মামলায় গ্রেফতার করা হয়।