বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সামনের রমজানে চাহিদার তুলনায় নিত্যপ্রয়োজনীয় পণ্য বেশি মজুদ থাকায় দাম স্বাভাবিক থাকবে। রমজান উপলক্ষে চিনি, ভোজ্যতেল, ডাল, পেঁয়াজ, ছোলা, রসুনসহ নিত্যপণ্যের চাহিদামাফিক পর্যাপ্ত মুজদ আছে। কোন পণ্যের সংকট বা সরবরাহের ক্ষেত্রে সমস্যা হবে না। এজন্য আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, শুধু রমজান নয়, সারাবছর নিত্যপণ্যের মূল্য তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।
মঙ্গলবার সচিবালয়ে ব্যবসায়ীদের সাথে রমজানে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন,ব্যবসায়ীরা বিশেষ করে বড় আমদানিকারকরা আমাদের আশ্বস্থ করেছে, নিত্যপণ্যের মজুদ ও সরবরাহের মধ্যে সমন্বয় করবেন। আর পর্যাপ্ত মজুদ থাকায় কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারবেন না।
মন্ত্রী বলেন, সব পণ্যের চাহিদার তুলনায় মজুদ বেশি আছে। এখন ব্যবসায়ীদের সহযোগিতায় আমরা এর সরবরাহ ঠিক রাখবো।
মন্ত্রী এবছর বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ৯২ দিনের সহিংস কর্মসূচির কঠোর সমালোচনা করে বলেন, এর মাধ্যমে খালেদা জিয়া চেয়েছিলেন দেশের পণ্য সরবরাহ কাঠামো (সাপ্লাই চেইন) ভেঙ্গে দিতে। কিন্তু দেশপ্রেমিক ব্যবসায়ীদের কারনে তিনি তার এই অসৎ উদ্দেশ্য সফল করতে পারেনি। তিনি ব্যর্থ হয়েছেন। এজন্য মন্ত্রী ব্যবসায়ীদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, ব্যবসায়ীদের সহয়োগিতার কারণে গত রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক ছিলো। এবারও তারা একই ধরনের সহযোগিতা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, এবছর আগামী ১৯ জুন থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে।