কাবুলে সরকারি ভবন লক্ষ্য করে বিস্ফোরণে নিহত ৪

 
আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে সরকারি ভবনের কাছে বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছে। বিকেলে অফিস ছুটির সময় এই গাড়িতে রাখা বোমায় বিস্ফোরণ ঘটানো হয়। তালেবান বিস্ফোরণের দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। খবর- বিবিসির।
 
বিস্ফোরণস্থলের ঠিক পাশেই দু'টি সরকারি ভবন রয়েছে। ভবন দুটিতে বিচার ও খনি মন্ত্রণালয়ের কার্যালয় অবস্থিত। এছাড়াও সেরেনা হোটেলটি বিস্ফোরণস্থলের অদূরেই অবস্থিত। ২০১৪ সালে হোটেলটি তালেবান হামলার শিকার হয়েছিল।
 
রয়টার্সের খবরে জানানো হয়েছে, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে তা কয়েক কিলোমিটার দূর থেকেও অনুভূত হয়। সরকারি একজন কর্মকর্তা জানিয়েছেন, পার্ক করা একটি গাড়িতে বোমাটি রাখা হয়েছিল। কর্মকর্তা-কর্মচারীরা দিনের কাজ শেষে ভবন দুটি থেকে বের হয়ে আসার সময় গাড়ি বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
 
বিস্ফোরণে বিচার মন্ত্রণালয়ের ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। বিস্ফোরণস্থলের অদূরেই দেশটির অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত।
 
বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবান। বিবৃতিটিতে তারা বিচারকদের ওপর হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছে। গত দুই সপ্তাহে দেশটির বিচার মন্ত্রণালয়কে লক্ষ্য করে এনিয়ে তৃতীয় বারের মতো হামলা চালানো হল।