স্থল বন্দর দিয়ে কয়লা আমদানির ক্ষেত্রে এখন থেকে সুইফট ছাড়াই দশ হাজার ডলারের এলসি (ঋণপত্র) খোলা যাবে। এতোদিন সর্বোচ্চ সাড়ে সাত হাজার ডলারের এলসি খোলার সুযোগ ছিল।
মঙ্গলবার এ সীমা বাড়িয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন বা সুইফট হলো- আন্তর্জাতিক স্বীকৃত আন্তঃব্যাংকের মধ্যে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা। এর মাধ্যমে এক ব্যাংক আর এক ব্যাংকের গ্রাহকের পক্ষে পণ্যের নিশ্চয়তা দিয়ে থাকে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থল বন্দর দিয়ে শুধুমাত্র কয়লা আমদানির ক্ষেত্রে সুইফট ছাড়াই সাড়ে সাত হাজার ডলারের অনুমোদন দেয়া হয়। আগের ওই নির্দেশনা শিথিল করে সুইফট ব্যতিরেকে এলসি স্থাপনের ঊর্ধ্বসীমা ১০ হাজার ডলারে উন্নীত করা হলো। কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনা অবিলম্বে কার্যকর ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবহিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।