ব্যাংক ঋণের সুদ কমিয়ে আনতে প্রতিটি ব্যাংককেই নিজে থেকে পদক্ষেপ নিতে হবে। প্রতিটি ব্যাংক তাদের আয় ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে নিজেরাই ব্যাংক ঋণের সুদ কমিয়ে আনতে পারে। এরজন্য কেন্দ্রীয় ব্যাংকের দিকে তাকিয়ে থাকার কোনো দরকার নেই।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে আইএফআইসি ব্যাংক ট্রাস্ট উদ্যোগে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান এসব কথা বলেন।
অনুষ্ঠানে পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের ৩৭জন শিক্ষার্থী আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের বৃত্তি দেয়া হয়। এছাড়া, ৭জন তরুণ শিক্ষক এবং ৩জন শিক্ষার্থী আইএফআইসি ব্যাংক গবেষণা অনুদান দেয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ার বিশেষ অতিথির বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান অনুষ্ঠান সঞ্চালন করেন।