প্যারিসে ব্যবসা ও জলবায়ু বিষয়ক সম্মেলন শুরু আজ

পরিবেশ বান্ধব অর্থনীতির ভিত গড়ার উপায় খুঁজতে ফ্রান্সের রাজধানী প্যারিসে দুইদিনব্যাপী ব্যবসা ও জলবায়ু বিষয়ক সম্মেলন আজ বুধবার থেকে শুরু হচ্ছে। এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের পরিবেশ মন্ত্রী, জাতিসংঘের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং বিশ্বের নামীদামী বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারা যোগ দিয়েছেন। বাংলাদেশের পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে ইতিমধ্যে ফ্রান্স পৌঁছেছেন।

 
চলতি বছরের শেষে ফ্রান্সে যে জলবায়ু শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে সেটিকে সামনে রেখে ‘বিজনেস অ্যান্ড ক্লাইমেট সামিট’ শীর্ষক এ সম্মেলনের যৌথ আয়োজক ওয়ার্ল্ড বিজনেস কাউন্সিল ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স এবং ইউনাইটেড নেশন্স গ্লোবাল কমপ্যাক্ট। বিশ্বের শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এ সম্মেলনের স্পন্সর।
 
সম্মেলনের প্রথমদিন আজ বুধবার সকালে ‘ভিশন অব এ লো-কার্বন সোসাইটি’ বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সময়ের বিবর্তনের সাথে সাথে অর্থনীতির গতিধারার যে পরিবর্তন আসছে তা এখানে তুলে ধরা হবে। বিশেষ করে দ্রুত নগরায়ন ও বিদ্যুত্ উত্পাদন বৃদ্ধি পরিবেশের ওপর যে ধরনের প্রভাব ফেলছে তার ওপর আলোচনা হবে এখানে। এছাড়া এখানে খাদ্য, বনায়ন এবং কৃষির ওপরও জোর দেবেন আলোচকরা। আয়োজকরা মনে করছেন, অর্থনীতি এগিয়ে যাবার সাথে সাথে বাতাসে কার্বনের পরিমাণও বাড়ছে। এতে জলবায়ুর ওপর যে হুমকি তৈরি হচ্ছে তা থেকে পরিত্রাণ পাবার উপায় খুঁজতে হবে। এ অবস্থার উত্তরণ ঘটিয়ে কিভাবে একটি কম কার্বন যুক্ত পৃথিবী গড়া যায় তার পরামর্শও আসবে এখানে।
 
সম্মেলনের দ্বিতীয় দিন অর্থাত্ আগামীকাল পুরো দিনজুড়েই আলোচকরা কার্বন মুক্ত বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করবেন। বর্তমান অবস্থার সাথে খাপ খাইয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলো কিভাবে এগিয়ে যেতে পারে তার উপায় খুঁজে পাবার চেষ্টা করবেন আলোচকরা। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলো কিভাবে তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারে এদিন সে বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা আসবে।
 
এদিকে বাংলাদেশের পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সম্মেলনে ‘বিল্ডিং ক্যাপাসিটি অ্যান্ড রেজিলিয়েন্স’ বিষয়ক একটি সেশনে যোগ দেবেন। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-এর মহাসচিব জন ড্যানিলোভিচ এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে নেদারল্যান্ডের পরিবেশ মন্ত্রী ওয়াইলমা মেসফিল্ডসহ বিশ্বের পাঁচটি শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা উপস্থিত থাকবেন। এই সেশনে আনোয়ার হোসেন মঞ্জু জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন।
 

অয়োজকদের সূত্রে জানা গেছে, বিজনেস অ্যান্ড ক্লাইমেট সামিটে যেসব ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা যোগ দেবেন সেগুলো হলো– ওয়ালমার্ট, শেল, পেপসিকো, এইচএসবিসি, এমিরেটস, ইউনিলিভার, এলজি গ্রুপ, সিমেক্স, তোশিবা, রিকো, টয়োটা, টাটা গ্রুপ, লাফার্জ প্রভৃতি।