সাভারের ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে দুদকের উপপরিচালক মাহবুবুল আলম রাজধানীর রমনা থানায় এই মামলা করেন।
নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব না দেয়ায় এই মামলা করা হয়েছে। এর আগে গত সোমবার রানার বিরুদ্ধে ‘নন-সাবমিশন’ মামলার অনুমোদন দেন দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান।
গত ২ এপ্রিল কাশিমপুর কারাগারে আটক সোহেল রানার কাছে কারা কর্তৃপক্ষের মাধ্যমে সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠায় দুদক।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে পড়ে। ভারতে পালিয়ে যাওয়ার সময় ২৯ এপ্রিল গ্রেফতার হন সোহেল রানা।
ঐ বছরের ২৫ এপ্রিল সোহেল রানার বিরুদ্ধে অনুসন্ধানের ঘোষণা দেয় দুদক। এরপর ২৮ এপ্রিল দুই সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করে কমিশন। একই বছরের ১৫ মে অনুসন্ধান দল সোহেল রানার সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারির সুপারিশ করে। পরে চলতি বছরের ২ এপ্রিল কাশিমপুর কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করে দুদক।