নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নগরবাসীর কাছে দুই বছর সময় চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন মেয়র আনিসুল হক।
বুধবার রাজধানীর ছায়ানট মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘একশন এইডের’ উদ্যোগে ‘নিরাপদ নগরী নির্ভয় নারী’ প্রচারণার বৈশ্বিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় গতকাল মঙ্গলবার সিটি করপোরেশন সংশ্লিষ্ট ২৫টি সংস্থার নির্বাহী প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানান তিনি।
আনিসুল হক বলেন, 'আমি নির্বাচনী ইশতেহার অনুযায়ী কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য পদক্ষেপগুলো যথাযথভাবে নেওয়ার ওপর জোর দিয়েছি। আশা করি, দুই বছরের মধ্যে ঢাকাবাসী ভালো রেজাল্ট পাবে।'
পরিকল্পনা অনুযায়ী কাজ শুরুর কথা জানিয়ে আগামী ছয় মাসের মধ্যে নতুন মেয়রের ঢাকা উত্তরকেন্দ্রিক কার্যক্রম ‘সুনির্দিষ্ট রূপ’ পাওয়া শুরু করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
এফবিসিসিআই ও বিজিএমইএয়ের সাবেক সভাপতি আনিসুল হক সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।
গত ২৮ এপ্রিল ভোটগ্রহণের মাঝপর্যায়ে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন আনিসুলের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপিসমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।