আজারবাইজানের রাজধানী বাকুতে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬৪ জন। মঙ্গলবার এ ঘটনা ঘটে।
দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ খবর জানিয়ে বলেন, নগরীর কেন্দ্রস্থলে একটি ১৫ তলা আবাসিক ভবনের এ আগুন নেভাতে হেলিকপ্টার তলব করা হয়। অগ্নিনির্বাপণ ক্রুরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে অন্তত দুজন শিশু রয়েছে।
আজারবাইজানের জেনারেল প্রসিকিউটর জাকির গারালভ ভবনটিতে অগ্নিকাণ্ডের জন্য এর নির্মাণকাজে লাগানো নিম্নমানের প্লাস্টিককেই দায়ী করেন। তিনি বলেন, কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।