রাজধানীর মহাখালী এলাকার সাততলা বস্তিতে আগুনে দগ্ধ আবু বকর (৫০)মারা গেছেন। বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। তার শরীরের ৪৫ ভাগ পুড়ে গিয়েছিল। একই ঘটনায় দগ্ধ তার ছেলে আবু কাওসার (২০) চিকিৎসাধীন রয়েছেন।
গত ১৫ মে সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকা্লে অর্ধশত ঘর ও নয়টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় দগ্ধ হন আবু বকর ও তার ছেলে আবু কাওসার। সেদিনই তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল থেকেই আবু বকরের অবস্থার অবনতি হতে শুরু করে। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে তিনি মারা যান। শরীরের ২৫ ভাগ দগ্ধ আবু কাওসারকে এখনও শঙ্কামুক্ত বলছেন না চিকিত্সকরা।