জাতিসংঘ মহাসচিব বান কি মুনের নির্ধারিত পিংয়ংইয়ং সফর বাতিল করেছে উত্তর কোরিয়া কর্তৃপক্ষ। তবে কেন এ সফর বাতিল করা হয়েছে তার কোনো ব্যাখ্যা দেয়নি দেশটি। বিগত দুই দশকে তিনিই ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব যার উত্তর কোরিয়া যাওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া সফর শেষে উত্তর কোরিয়া সফরে যাওয়ার কথা ছিল বান কি মুনের। মাত্র একদিন আগে এই নির্ধারিত সফর বাতিল করা হল। এ সফরে তার কেসং শিল্প এলাকা পরিদর্শন এবং সেখানকার উত্তর কোরীয় শ্রমিকদের সঙ্গে সাক্ষাত করার কথা ছিল বলে বিবিসি জানিয়েছে। বুধবার সিউলে এক অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখার সময় সফর বাতিলের প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব বলেন, 'এটি খুবই দুঃখজনক একটি ঘটনা'।
এর আগে মঙ্গলবার সিউলে এক বৈঠকে তিনি উত্তর কোরিয়াকে উদ্দেশ্য করে বলেছিলেন, কোরিয়া উপদ্বীপে শান্তি এবং স্থিতিশীলতার বজায় রাখার জন্য তাদের আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তা করা উচিত। প্রসঙ্গত, বান কি মুন এক সময় দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেছেন।
৫০’র দশকে কোরিয়া যুদ্ধ শেষ হওয়ার পর কৌশলগত দিক থেকে দেশ দুটি এখনো বৈরিতার মধ্যেই রয়েছে। সূত্র: বিবিসি