তদন্ত কর্মকর্তাকে ‘অযোগ্য’ তিরস্কার ট্রাইব্যুনালের

চার দশক আগে চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটু যুদ্ধাপরাধের একটি অভিযোগে সাজা ভোগ করলেও ট্রাইব্যুনালের মামলায় নতুন করে ওই অভিযোগ যুক্ত করায় এ মামলার রায়ে তদন্ত কর্মকর্তাকে ‘অযোগ্য’ বলে তিরস্কার করা হয়েছে। 
 
এ মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার জেড এম আলতাফুর রহমানকে নতুন করে ট্রাইব্যুনালের কোনো মামলার তদন্তভার দেওয়া ঠিক হবে না বলেও আদালত পর্যবেক্ষণ দিয়েছে।
 
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার এ মামলার রায় ঘোষণা করে।
 
মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীতে যোগ দিয়ে অপহরণ, নির্যাতন ও হত্যার মতো মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকায় প্রসিকিউশনের প্রথম অভিযোগে মাহিদুর ও আফসারকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। দ্বিতীয় অভিযোগে তাদের দেওয়া হয় পাঁচ বছরের কারাদণ্ড।
 
তৃতীয় অভিযোগে নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ এবং চার জনকে হত্যার ঘটনায় ১৯৭২ সালের দালাল আইনে দুই আসামির যাবজ্জীবন সাজা হয়। ওই রায়ের পর আফসার ও মাহিদুর জেলও খাটেন।  
 
এ বিষয়টি উল্লেখ করে ট্রাইব্যুনালের রায়ে প্রসিকিউশনের তৃতীয় অভিযোগ বাদ দেওয়া হয়।  মামলার তদন্ত কর্মকর্তা জেড এম আলতাফুর রহমানকে এ বিষয়ে ‘সম্পূর্ণ অযোগ্য’ বলেও মন্তব্য করা হয় রায়ে।