জয়পুরহাটের ক্ষেতলালে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মহেশপুর এলাকার ধামশন্ডি মাঠে মোলামগাড়ীহাট-শিবপুর সড়কে এই 'বন্দুকযুদ্ধে'র ঘটনা ঘটে।
জয়পুরহাটের পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলামসহ পুলিশের কয়েকটি গাড়ি ঐ এলাকায় টহল দিচ্ছিল। এ সময় ডাকাতরা গাছ কেটে রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা চালায়। এক পর্যায়ে তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করলে ঘটনাস্থলেই এক ডাকাত নিহত হয়। ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম জানাতে পারেননি তিনি।