ফরমাল-ইন অ্যাকশন

হাসির নাটকের জুটি


জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা নিপুণ জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন আসছে ঈদের জন্য নির্মিত ছয় পর্বের একটি ধারাবাহিক নাটকে। দর্শকপ্রিয় নির্মাতা মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় এই নাটকের নাম ‘ফরমাল-ইন অ্যাকশন’। নাটকের গল্প ও এই জুটির অভিনয় ভাবনা নিয়ে এবারের আয়োজন। লিখেছেন অজেয় চৌধুরী ও ছবি তুলেছেন সোহেল মামুন

বাবু ভাই একটি ভালো কাজ করতে গিয়ে কিছু খারাপ মানুষের ষড়যন্ত্রের শিকার হয়েছে। প্রাণনাশের হুমকি মাথায় নিয়ে সে যখন পালিয়ে বেড়াচ্ছে, ঠিক সেই মুহূর্তে বাবু ভাইয়ের একটি পুরোনো প্রেমের ঘটনাকে কেন্দ্র করে বউ ডেইজির সাথে তার মনোমালিন্য তৈরি হয়। একদিকে শীর্ষ সন্ত্রাসী বকরি বাদলের আতঙ্ক, অন্যদিকে গোপন প্রেম প্রকাশিত হয়ে পড়ায় তার এখন দিশেহারা অবস্থা। বকরি বাদলের হাত থেকে বাঁচার জন্য তাকে কি আরেক শীর্ষ সন্ত্রাসী কানা মিজান সহযোগিতা করবে? কিংবা বউকে ম্যানেজ করার জন্য তার বিশেষ শিক্ষক দিলশাদ আপার ভূমিকাটা কেমন হবে, এ রকমই টানটান ঘটনা পরম্পরার মধ্য দিয়ে, হাস্যরসের ভঙ্গিমায় এগিয়ে যাবে ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘ফরমাল-ইন অ্যাকশন’-এর গল্প।

এই নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন জাহিদ হাসান ও নিপুণ। এতে আরও অভিনয় করেছেন ডা. এজাজ, শামীমা নাজনীন, তারিক স্বপন, মুকুল সিরাজ, সাজ্জাদ রেজা, রিমি করিম, মিলন ভট্টাচার্য্য, নুর আলম নয়ন, হায়দার কবীর মিথুন, সহিদ উন নবী, সুজন রেজাউল প্রমুখ। ঈদের এই ধারাবাহিক নাটকে অভিনয় প্রসঙ্গে প্রথমেই কথা হলো জাহিদ হাসানের সাথে।

তিনি বলেন, ‘নাটকে আমার চরিত্রের নাম বাবু। যে ভালো কাজ করতে গিয়ে কিছু খারাপ মানুষের ষড়যন্ত্রের শিকার হয়েছে। প্রাণনাশের হুমকি মাথায় নিয়ে সে যখন পালিয়ে বেড়াচ্ছে, ঠিক সেই মুহূর্তে একটি পুরনো প্রেমের ঘটনাকে কেন্দ্র করে বউ ডেইজির সাথে তার মনোমালিন্য তৈরি হয়। এরপর ঘটে নানা ঘটনা। সব মিলিয়ে বাবু চরিত্রটি বেশ মজার। অভিনয় জীবনে অনেক চরিত্রে অভিনয় করলেও এই চরিত্রটিতে অভিনয় করে ভালো লাগছে।’

এবার নিজের চরিত্র বিশ্লেষণ করলেন সদা হাস্যোজ্জ্বল নিপুণ। তার ভাষ্যে, ‘এই নাটকে আমি ডেইজি চরিত্রে অভিনয় করেছি। তার স্বামী বাবু ভাই। পুরোনো প্রেম নিয়ে স্বামীর সাথে তার মনোমালিন্য তৈরি হয়। বাবু ভাই নিজের বউ ডেইজিকে ম্যানেজ করার জন্য তার বিশেষ শিক্ষক দিলশাদ আপার সহযোগিতা নেয়। সব মিলিয়ে ডেইজি চরিত্রটি আমি এনজয় করেছি।’ তিনি আরও বলেন, ‘জাহিদ ভাই অনেক গুণী এবং উঁচু মাপের একজন অভিনেতা। তার সাথে অভিনয় করতে পেরে ভালো লেগেছে। তিনি অনেক কো-অপারেটিভ। অনেক ভালো লেগেছে নাটকটিতে অভিনয় করে।’

নাটকটি প্রসঙ্গে নাট্যকার ও নির্মাতা মাসুদ সেজান বলেন, ‘আমার ‘ফরমাল-ইন’ সিরিজটি ইতোমধ্যেই বেশ আলোচিত ও জনপ্রিয় হয়েছে। দর্শকের আগ্রহের কারণে এবারও এর সিকুয়্যাল তৈরি করছি। আশা করি, আগের দুটোর মতো ‘ফরমাল-ইন অ্যাকশন’-কেও দর্শক ভালোভাবেই গ্রহণ করবেন।’ উল্লেখ্য, গত দু’ঈদে বাংলাভিশনে প্রচারিত জনপ্রিয় ও আলোচিত নাটক ‘ফরমাল-ইন’ ও ‘ফরমাল-ইন প্লাস’-এর পর এবারও সিকুয়্যাল হিসেবে নির্মিত হচ্ছে ৬ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘ফরমাল-ইন অ্যাকশন’। ঈদের দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ৪০ মিনিটে প্রচারিত হবে এই নতুন ধারাবাহিকটি।