রাজধানীর শাহজাহানপুরে পাইপের ভিতরে পড়ে শিশু জিহাদ (৩) মৃত্যুর ঘটনার মামলায় রেলওয়ের উপ-সহকারি প্রকৌশলী জাহাঙ্গীর আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত।
সাময়িকভাবে বরখাস্ত ওই আসামি দীর্ঘদিন পর বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ সময় মামলার বাদী মারা যাওয়া শিশু জিহাদের বাবা নাসির ফকির আদালতে হজির ছিলেন।
আসামির জামিন পাওয়ার বিষয়ে বাদীর পক্ষে কোন আপত্তি না থাকায় শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম অশোক কুমার দত্ত বাদীর জিম্মায় জামিন দেন।
এর আগে বিচারক বাদীর কাঠগড়ায় দাঁড়িয়ে দেয়া জবানবন্দি নেন। আসামির পক্ষের আইনজীবী আশরাফ উল আলম বলেন, মামলার বাদী আদালতে বলেছেন, আসামি জামিন পেলে তার আপত্তি নাই। বাদীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন খান।
চলতি বছরের ৮ এপ্রিল মামলার প্রকৌশলী জাহাঙ্গীরসহ রেল কলোনিতে পানির পাম্প বসানোর প্রকল্পের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘জেএসআর’ এর মালিক প্রকৌশলী আবদুস সালামের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা শাহজাহানপুর থানা পুলিশের পরিদর্শক আবু জাফর।
অভিযোগপত্রে বলা হয়, আসামিদের তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান এসআর হাউজ রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির মৈত্রী সংঘ মাঠের পূর্ব-দক্ষিণ কোণে একটি পানির পাম্পের ঠিকাদারি নেয়। আনুমানিক ৬শ’ ফুট কূপ খনন করে কিন্তু কোন নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই কূপের মুখ খোলা রেখে দীর্ঘদিন ফেলে রাখে। এতেই শিশু জিহাদ খেলা করার সময় পাইপের ভেতরে পড়ে মারা যায়।
গত বছরের ২৬ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর শাজাহানপুরে বাসার কাছে মাঠে খেলতে গিয়ে রেলওয়ে মাঠের পাম্পের পাইপে পড়ে যায় জিহাদ। প্রায় ২৩ ঘণ্টা পর ২৭ ডিসেম্বর বিকেল তিনটার দিকে জিহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।