ব্যবসায়ী অপহরণ করে মুক্তিপণ দাবি

 
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ব্যবসায়ী অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। অপহূত ব্যবসায়ীর নাম মোতালেব হোসেন চানমিয়া (৪৫)। বুধবার রাতে তিনি অপহরণের শিকার হন বলে জানা গেছে। মোতালেব উপজেলার সীমান্তবর্তী পাথরডুবি ইউনিয়নের দিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। পাগলার হাট বাজারের সে কাপড়ের দোকান করতো।
 
জানা গেছে, রাতে দোকান বন্ধ করে পাগলার হাট বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন মোতালেব। দিয়ডাঙ্গা ওমর আলী হাফেজিয়া মাদরাসার কাছে পৌঁছলে তাকে অপহরণ করে একটি মাইক্রোবাসে তুলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাত ১১টার দিকে চানমিয়ার ব্যবহৃত মোবাইল থেকে তার ছেলে ও চাচার  কাছে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ওসি হাসান ইনাম জানান, পুলিশ অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা করছে।