প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, তিন সিটি নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রিপোর্ট খতিয়ে দেখা হবে। সিটি নির্বাচন নিয়ে টিআইবির রিপোর্টে দাবি করা হয়, ঢাক উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অনুমোদিত ব্যয়ের চেয়ে ২১ গুণ পর্যন্ত বেশি ব্যয় করেছেন প্রার্থীরা। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নির্বাচনী ব্যয় সংক্রান্ত রিপোর্ট হাতে পাওয়ার পর যাচাই বাছাই করে এ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে মাগুরা-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রার্থীরা নির্বাচনী ব্যয়ের রিপোর্ট জমা দেয়ার পর নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলেও তিনি জানান।
সিইসি বলেন, কে কত বেশি খরচ করেছে, প্রার্থীরা হিসাব দিলে বুঝতে পারব। তবে এটা দুরূহ ব্যাপার। কারণ সব রিপোর্ট হয়তো সঠিকভাবে হয় না।
আগামী ৩০ মে মাগুরা-১ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপ-নির্বাচনে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।