ন্যাম ফ্ল্যাট ছাড়তে ইনুসহ ৪ মন্ত্রীকে চিঠির সিদ্ধান্ত

মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখাল পাড়ার সংসদ সদস্য ভবনের (ন্যাম ফ্ল্যাট) ফ্ল্যাট ছাড়তে চার মন্ত্রীকে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
 
বৃহস্পতিবার সংসদ কমিটির ষষ্ঠ বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার পর তাদেরকে আবারো চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
 
ফ্ল্যাট না ছাড়া ওই চার মন্ত্রী হলেন- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
 
এবিষয়ে সংসদ কমিটির সভাপতি প্রধান হুইপ আ স ম ফিরোজ সাংবাদিকদের বলেন, আমরা আবারো চিঠি দিতে বলেছি। প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা আছে। কারও এখনও বাসায় মালপত্র আছে। কারও ফ্যামিলি মেম্বার বেশি। কমিটি আবারো তাগিদ দিয়েছে।
 
তিনি বলেন, যদি কারও আসলেই ফ্ল্যাট প্রয়োজন হয় তবে তারা স্পিকারের স্পেশাল পারমিশন নিতে পারেন।
 
তবে এ ব্যাপারে চার মন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
 
সংসদীয় কমিটির নথি থেকে জানা যায়, সর্বশেষ গত ৬ মে ওই চার মন্ত্রীকে ফ্ল্যাট ছাড়ার চিঠি দেয়া হয়েছিল।